মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও প্রধান অর্থনৈতিক মিত্র বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা জরুরি।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আয়োজিত এক আন্তঃধর্মীয় সংলাপে আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গৌরবময় ইতিহাস থেকেই বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক সোহার্দ্য বজায় রেখে বসবাস করছে। বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও সমৃদ্ধি অর্জনে এই ধর্মীয় সম্প্রীতি ও দেশের ভেতরের শান্তি বজায় রাখা কেবল সুখ-শান্তির বিষয় নয়, বরং জাতীয় অর্থনীতির স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের অবদানের কথা তুলে ধরে তিনি জানান, বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্রে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স এবং দেশে একক দেশ হিসেবে তাদের সর্বোচ্চ সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) জাতীয় অর্থনীতিতে চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

গৌরনদী ক্যাথলিক চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী চলা এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, স্থানীয় ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী ও ফাদার মাইকেল দেউরি।