জেএসসি ও এসএসসি সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন নিষ্পত্তি হবে মাঠপর্যায়েই

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে সরাসরি মাঠপর্যায়েই নিষ্পত্তি করা যাবে। সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার, জেলা বা সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরা ‘ক’ ক্যাটাগরিভুক্ত এসব আবেদন নিষ্পত্তি করতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়, শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় দলিলাদি গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করতে হবে। একই সাথে এনআইডির আবেদন গ্রহণ বা বাতিলের সময় সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) নির্দিষ্ট কারণ বা নোট উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাজ তদারকিতেও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আঞ্চলিক ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাঁদের অধীনস্ত কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবেন এবং প্রতি মাসে দ্বৈবচয়নের ভিত্তিতে অন্তত তিনটি আবেদন সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে কি না তা যাচাই করে পরিচালক (অপারেশন্স) কার্যালয়ে প্রতিবেদন পাঠাবেন।

তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ দিয়ে জন্মতারিখ সংশোধন এবং জন্মতারিখের সাথে নিজ ও বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদনগুলো কেবল মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করা হবে। পরিপত্রে আরও কড়া বার্তা দেওয়া হয়েছে যে, কোনো নাগরিকের জন্মতারিখ, নিজ নাম ও বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার কোনো ধরনের সংশোধন করা যাবে না।