দীর্ঘ ১৮ বছরের টানা আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে উল্লেখ করে অর্জিত এই গণতান্ত্রিক ধারাকে টিকিয়ে রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সাথে বাংলাদেশের মাটিতে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের আর কোনো স্থান হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় বিএনপি আয়োজিত ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় কোনো ধর্ম বা রাজনৈতিক আদর্শের মানুষই শান্তিতে ছিল না। দীর্ঘ ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে অব্যাহত রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আর দেশের মানুষের ওপর চড়াও হতে পারবে না।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের সার্বিক অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে কাজ করছে। আগামী পাঁচ বছর এলাকার সর্বস্তরের মানুষের ভাগ্যোন্নয়নই সরকারের মূল উদ্দেশ্য থাকবে জানিয়ে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে স্কুল, কলেজ ও মানসম্মত মাদ্রাসা গড়ে তোলা হবে।
ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে এবং সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
অন্যান্যদের মধ্যে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।



