জ্বালানি সংকট কাটিয়ে উঠতে অন্তত দুই বছর লাগবে: অর্থমন্ত্রী আমির খসরু

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ৬ মাস বা ১ বছরের মধ্যে এ ধরনের সংকটের দ্রুত কোনো সমাধান সম্ভব নয় বলেও জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটটি বিগত সরকারের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া। সংকট দ্রুত নিরসনে সরকার কাজ করছে জানিয়ে তিনি উল্লেখ করেন, ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা প্রায় চূড়ান্ত এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে।

বিদ্যুৎ খাত প্রসঙ্গে তিনি জানান, দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও তা সরবরাহে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্বল সঞ্চালন ব্যবস্থা। এ সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তি, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সমন্বয়ে একটি নতুন ‘এনার্জি মিক্স’ বা জ্বালানি নীতি চূড়ান্ত করছে সরকার।

বক্তব্যে এনবিআর ও প্রশাসনিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে ভাগ করা হবে। ফলে কর নীতি নির্ধারণ ও কর আদায়ের বাস্তবায়ন কাজ আলাদা হয়ে যাবে। কর নীতি নির্ধারণের মূল দায়িত্ব আমলাতান্ত্রিক কাঠামোর পরিবর্তে একটি স্বাধীন বিশেষজ্ঞ গ্রুপের হাতে তুলে দেওয়া হবে এবং পুরো প্রক্রিয়াটিকে অনলাইন ও স্বয়ংক্রিয় করা হবে।

তাছাড়া সরকার ঘোষিত নিয়ন্ত্রণমুক্তকরণ (ডি-রেগুলেশন) পদক্ষেপগুলো সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো সঠিকভাবে প্রয়োগ করছে কি না, তা দৈনন্দিন ভিত্তিতে তদারক করার জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করার তথ্যও জানান তিনি।