দেশে স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ দিয়ে অতীতে রাজপথে ভূমিকা না রেখে যারা বর্তমানে সংস্কারের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি বলেন, অতীতের রাজনৈতিক ইতিহাস বিবেচনা করেই এসব বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে।
রোববার (১৬ আগস্ট) বিকালে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি জেলার নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন ধর্মীয় গুরুদের সম্মানি প্রদান, প্রতিবন্ধী ও অসচ্ছলদের আর্থিক অনুদানের চেক এবং একজন প্রতিবন্ধীকে চাকরির নিয়োগপত্র তুলে দেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিগত ১৭ বছরের রাজপথের আন্দোলন এবং ৭১, ৮৬ ও ৯৬-এর রাজনৈতিক ঘটনাপ্রবাহে নিষ্ক্রিয় থাকা দলগুলোর সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, ২০২২ সালে বিএনপিই প্রথম রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা দিয়েছিল। জনগণের ভাগ্যোন্নয়ন ও দেশকে আত্মনির্ভরশীল করাই বিএনপির রাজনীতির প্রধান লক্ষ্য বলে তিনি জানান।
কৃষি ও সামাজিক খাতের অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যেই ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। পানি সংকট দূরীকরণে ২৫০ কিলোমিটার খাল খননের পাশাপাশি ১ লাখ ২৩ হাজার শিক্ষকের অবসর ভাতার জটিলতা নিরসন করা হয়েছে। একই সাথে শিশুদের প্রতিভা বিকাশে ঐতিহ্যবাহী ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা পুনরায় চালু করার ঘোষণাও দেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য ফজলুর রহমান, মাজহারুল ইসলাম ও জালাল উদ্দীন বক্তব্য রাখেন।



