সিলেট বিভাগের চা-বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষা দিতে এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১০ জন চা-শ্রমিকের হাতে আনুষ্ঠানিকভাবে রেইনকোট তুলে দেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। উদ্যোগটির আওতায় মোট ২০ হাজার রেইনকোট প্রদান করা হবে। যার মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট সরবরাহ করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সমাজের সবাই কিছুটা করে এগিয়ে এলে যেকোনো বড় সামাজিক ব্যাধি বা সমস্যার সহজ সমাধান সম্ভব। এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে ইচ্ছুক বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সিএসআর কার্যক্রমে যুক্ত বেসরকারি খাতের প্রতিনিধিরা জানান, ব্যবসায়িক অগ্রগতির পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করাও তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। আগামী দিনেও সরকারের সঙ্গে সমন্বয় রেখে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও কর্মপরিবেশের উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
রেইনকোট হস্তান্তরকালে শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দেন। এ সময় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন বাগানের চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত থেকে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি ধন্যবাদ প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন, সিলেট বিভাগের একাধিক সংসদ সদস্য এবং বাপি, শেভরন ও পাণ্ডুঘর গ্রুপের শীর্ষ নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



