দেশে চলমান বিদ্যুৎ সংকটের পেছনে বর্তমান সরকারের কোনো ধরনের দায় নেই: উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশে চলমান বিদ্যুৎ সংকটের পেছনে বর্তমান সরকারের কোনো ধরনের দায় নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বিগত সরকারের দেড় দশকের লুটপাট ও অনিয়মের কারণে তৈরি এই সংকটে জনগণ কষ্টে থাকায় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি হিসেবে এই সভার আয়োজন করা হয়।

উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, অতীতে জবাবদিহিতাহীন এক সরকারের অধীনে কর্মকর্তারা কাজ করেছিলেন, যাদের প্রধান লক্ষ্যই ছিল ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকা। বিগত সরকার আমলের সকল ক্ষেত্রে যে লুটপাট হয়েছে তার জন্য এখন জনগণকে ভোান্তির শিকার হতে হচ্ছে। কিন্তু বর্তমান সরকার জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছে এবং যেকোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর। নতুন ভোটাধিকারভিত্তিক ব্যবস্থায় সরকার সর্বদা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য বলে উল্লেখ করেন তিনি।

সরকারি তথ্য প্রদান ও প্রচার প্রক্রিয়ায় গতি আনার পরামর্শ দিয়ে ডা. জাহেদ উর রহমান জানান, প্রচলিত মাধ্যমের পাশাপাশি ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়া জরুরি। স্থানীয় কর্মকাণ্ড প্রচার এবং গুজব বা ভুল তথ্য প্রতিরোধে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামসহ বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও সাংস্কৃতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘নজরুল বর্ষ (২৫ মে ২০২৬–২৫ মে ২০২৭)’ উদ্‌যাপন উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।