সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন সম্ভব, যদি সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করেন বলে মন্তব্য করেছেন রেলপথ এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ায় জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহিতা রয়েছে উল্লেখ করে তিনি এই জবাবদিহিতার জায়গা থেকেই উন্নয়নকাজে আত্মনিয়োগ করার গুরুত্ব তুলে ধরেন।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর নবীয়াবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক মেধা তালিকা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মাদ্রাসার অবকাঠামো ও সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং এলাকা ও শিক্ষার্থীদের সুবিধার্থেই দায়িত্ববোধ থেকে তিনি এই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবেন। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কারোর ব্যবহার বা আচরণের কারণে সাধারণ মানুষ যেন কোনোভাবে কষ্ট না পান। জনগণের মন জয় করাই রাজনীতির মূল ভিত্তি হওয়া উচিত।
অতীতের রাজনৈতিক নিপীড়নের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, একসময় প্রতিদিন সকালে আদালত, থানা কিংবা কারাগারে দৌড়াতে হতো এবং প্রতিনিয়ত পুলিশি গ্রেফতারের আতঙ্ক ছিল। আজ সেই পরিস্থিতি থেকে দেশ মুক্ত হয়েছে। নেতাকর্মীদের এই অতীত ভুলে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এগিয়ে নিতে সবাইকে স্ব-স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ একটি ছোট দেশ হলেও অতীতে বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হয়েছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিক দেশের প্রকৃত মালিকানা অনুভব করবেন এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে পারস্পরিক দায়িত্ববোধ বজায় থাকবে।



