সংসদীয় দলের বৈঠকে ফখরুলের আবেগঘন বিদায়

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত বিএনপির সংসদীয় দলের সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা স্মরণ করে বিদায়ী বক্তব্যে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ একাধিক সংসদ সদস্যকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে দুপুর ২টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। দেড় ঘণ্টাব্যাপী চলা এ সভার শুরুতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি দলীয় সংসদ সদস্যদের ভোটদান প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন এবং মির্জা ফখরুলের পক্ষে ভোট প্রার্থনা করেন। সংসদ সদস্য হিসেবে বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ দায়িত্ব পালনকালে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা চেয়ে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরবর্তীতে বক্তব্যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাষ্ট্রীয় জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন। মির্জা ফখরুলের দীর্ঘ সংগ্রামের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, দলের দুঃসময়ে তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং বহু ত্যাগ স্বীকার করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানান তিনি।

এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংসদ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ সাংগঠনিক বার্তা দেন সরকারপ্রধান। কোনো অবস্থাতেই যেন তৃণমূল ও জনগণের সঙ্গে সংসদ সদস্যদের দূরত্ব তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেন তিনি। দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে দলের নির্দেশনার বাইরে প্রার্থী না হওয়ার নির্দেশ দেন তারেক রহমান।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ দলীয় সংসদ সদস্যরা অংশ নেন।