বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় কাতারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জিং পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। বৈঠকে বাংলাদেশকে এক ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিহিত করেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক দ্বিপাক্ষিক সাক্ষাতে তিনি এ আশ্বাসের কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের শীর্ষ নেতৃত্বের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাতারের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং কাতারের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও এলএনজি সরবরাহসহ নানা খাতে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনে কাতার সরকারের পূর্ণ সমর্থনের কথা পুন ব্যক্ত করেন দেশটির প্রধানমন্ত্রী।

সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতার অ্যানার্জির সদরদপ্তরে দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল কাবীর সঙ্গে বৈঠক করেন। এছাড়া কাতারের অর্থ ও বাণিজ্য খাতের শীর্ষ প্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে দুই দেশের ব্যাংক, বিনিয়োগ ও জ্বালানি খাতের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক জোরদারের ওপর আলোকপাত করা হয়।

উক্ত বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ অংশ নেন।