জ্বালানি তেলের মজুত দেড় মাস থেকে ছয় মাসে উন্নীত করার লক্ষ্য: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বর্তমানে দেশে দেড় মাসের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সরকার এটিকে সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে ছয় মাসের মজুতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

বিদ্যমান মজুত ব্যবস্থার বিবরণ দিয়ে জোনায়েদ সাকি বলেন, বর্তমানে দেশে দেড় মাসের তেলের যে মজুত রয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে তিন মাসে উন্নীত করা হবে। পরবর্তীতে দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে এটিকে ছয় মাসের মজুতে রূপান্তরিত করার প্রস্তুতি চলছে।

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ও বয়লার ত্রুটির কারণে যে গ্যাস সংকট তৈরি হয়েছিল, তা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। চাহিদার তুলনায় গ্যাস ও বিদ্যুতের ঘাটতি থাকায় সাময়িক সমস্যা দেখা দিয়েছে। তবে এই সংকট দূর করতে সরকার নতুন করে গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবস্থার দিকে মনোযোগ দিচ্ছে।

বিদ্যুৎ ব্যবস্থা আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সাময়িক সমস্যা কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় গ্যাস আমদানির প্রক্রিয়া অব্যাহত রেখেছে। তবে গ্যাস আমদানির পাশাপাশি এলএনজি স্টেশন স্থাপন ও আনুসঙ্গিক অবকাঠামো গড়ে তুলতেও কিছুটা সময় প্রয়োজন বলে জানান তিনি।