দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তাঁকে শপথ পাঠ করানো হয়। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাষ্ট্রের সর্বোচ্চ এই সাংবিধানিক পদের শপথ বাক্য পাঠ করান।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মূল শপথ অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে শপথ গ্রহণের উদ্দেশ্যে নবনির্বাচিত রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে এবং সাড়ে ৭টায় তিনি দরবার হলে উপস্থিত হন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পরবর্তীতে সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত আড়ম্বরপূর্ণ শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারপতি এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ প্রায় ১২ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত থেকে নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানান।



