বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান যৌথ বিবৃতিতে আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতি মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রেখে ন্যায়বিচার, ইনসাফ এবং জনকল্যাণের নীতি অনুসরণ করে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে আলেম-ওলামাদের মর্যাদা রক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তাঁরা প্রত্যাশা জানান।
সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নবনির্বাচিত রাষ্ট্রপতির মাধ্যমে দেশের ধর্মীয় সম্প্রীতি ও রাষ্ট্রীয় পরিচিতি আরও সুদৃঢ় হবে। বিবৃতিতে হেফাজত নেতারা নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া জানান।



