বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ড। পৃথক পৃথক বার্তায় দেশগুলো বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধানের প্রতি শুভেচ্ছা জানানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেছে।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক অভিনন্দন বার্তায় জানিয়েছেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে তিনি উন্মুখ হয়ে আছেন। ঢাকার ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় তিনি উল্লেখ করেন, উভয় দেশের ত্যাগের ইতিহাস ও ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে তৈরি সম্পর্কের ধারা নতুন নেতৃত্বে আরও বিকাশ লাভ করবে।
অন্যদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক শুভেচ্ছা বার্তায় আস্থা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। একই সঙ্গে দুই দেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধি ও আন্তঃযোগাযোগ জোরদারের লক্ষ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি।
এ ছাড়া গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাস, যুক্তরাজ্য দূতাবাস, ফ্রান্স দূতাবাস এবং সুইজারল্যান্ড দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বিবৃতি দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে। বন্ধুপ্রতীম এসব দেশ বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রশংসা করে এবং দীর্ঘদিনের অংশীদারত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনঃব্যক্ত করেছে।



