সরকারে নতুন অন্তর্ভুক্ত চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে একটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব বণ্টনের এই নির্দেশনা জানানো হয়।
ঘোষিত দপ্তর বণ্টন অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় খালি থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আবদুল মঈন খান। অন্যদিকে, নবনিযুক্ত মন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়েছে, যিনি এতদিন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। আর এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বরত আফরোজা খানমকে (রিতা) পদায়ন করা হয়েছে খাদ্য মন্ত্রণালয়ে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাচিং প্রু জেরী।
প্রতিমন্ত্রীদের মধ্যে টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে আগে থেকেই প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন শামা ওবায়েদ ইসলাম। এছাড়া মোহাম্মদ শামীম কায়সারকে (লিংকন) অন্য একটি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।



