সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি নির্দেশ দিয়েছেন, দেশজুড়ে ছড়িয়ে থাকা সংঘবদ্ধ অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে চরম শাস্তির মুখোমুখি করতে হবে।

শনিবার (২২ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। চিকিৎসকদের কাছ থেকে খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কড়া বার্তার কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকাসহ দেশের সব মেট্রো অঞ্চলে চাঁদাবাজ ও গডফাদারদের তালিকা তৈরির কাজ চলছে। এ অপরাধ চক্রের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অপরাধীদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

উল্লেখ্য, কিছুদিন আগে রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন ডা. আসাদুর রহমান। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন। সফরকালে মন্ত্রীরা তাঁর চিকিৎসায় সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।