কঠিন পরিস্থিতি সত্ত্বেও অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে: অর্থমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনীতি আবারো ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক এই অগ্রগতির পেছনে বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধির মডেলকে মূল কৃতিত্ব দেন তিনি।

শনিবার (২২ আগস্ট) রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: রাজস্ব ও মুদ্রানীতির প্রেক্ষিত এবং বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।

অর্থমন্ত্রী জানান, বিনিয়োগ বাড়াতে ব্যবসায়িক পরিবেশ সহজ করা এবং নিয়ন্ত্রণমূলক জটিলতা দূর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে কাস্টমস ও বন্দর কার্যক্রমে সময়সীমাভিত্তিক ব্যবস্থা চালুর পাশাপাশি কায়িক ও সৃজনশীল খাতগুলোকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জ্বালানি নিরাপত্তা ও আর্থিক সংস্কার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, গ্যাস ও বিদ্যুতের মজুত বাড়াতে কাজ চলছে এবং ব্যাংক খাতের ওপর চাপ কমাতে পুঁজিবাজার ও আন্তর্জাতিক ফান্ড ম্যানেজারদের আকৃষ্ট করার পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক অগ্রযাত্রাকে সচল রাখতে সরকার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।