রাজধানীর তেজগাঁও থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষ কতটুকু স্বচ্ছতার সঙ্গে পুলিশি সেবা পাচ্ছেন, তা সরেজমিনে খতিয়ে দেখেন।
পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ভবনের বিভিন্ন তলায় অবস্থিত প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের রুম ও হাজতখানা ঘুরে দেখেন। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের ব্যারাকে গিয়ে তাঁদের আবাসন ব্যবস্থা, নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি এবং মেসের খাবারের মান নিয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ইতোমধ্যে থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও সরাসরি কথা বলেন মন্ত্রী। জিডি কিংবা অভিযোগ দিতে আসা ভুক্তভোগীদের কথা শোনেন এবং কোনো প্রকার মাধ্যম ছাড়া নাগরিকরা যেন সরাসরি সেবা পান, সে বিষয়ে থানার ওসিকে তাৎক্ষণিক নির্দেশ দেন। তিনি স্পষ্ট করেন যে, থানাকে প্রতিটি মানুষের নিরাপদ আশ্রয়স্থল হতে হবে।
উক্ত পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



