জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সরকার কোনো আপস করবে না উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা এবং সাশ্রয়ী মূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল অঙ্গীকার।
শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘২য় ঢাকা আন্তর্জাতিক হাঁটু সম্মেলন ২০২৬’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি একাডেমি ও ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুপার-স্পেশালাইজেশনের এই যুগে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে না চললে স্বাস্থ্য খাতের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হবে। দক্ষ মানবসম্পদ ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে সেবার মান উন্নত করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় বাজেটে এবার রেকর্ড পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু বরাদ্দ বাড়ালেই চলবে না, চিকিৎসাশিক্ষা ও সেবা নিশ্চিত করতে এই তহবিলের সঠিক ও দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্বাস্থ্য খাতে ঐতিহাসিক বরাদ্দ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। অনুষ্ঠানে ছয়জন চিকিৎসককে ফেলোশিপ প্রদান করার পাশাপাশি ‘সেভ ইয়োর নি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।



