সুবিধাবঞ্চিতদের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর ভাসানটেক, কড়াইল ও সাততলা বস্তি এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শনিবার (২২ আগস্ট) আয়োজিত এই কর্মসূচিতে শিশু, নারী ও পুরুষসহ প্রায় এক হাজার মানুষকে প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ সেবা দেওয়া হয়।

ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান উপস্থিত থেকে এই মানবিক কর্মসূচিটির শুভ উদ্বোধন করেন এবং বিভিন্ন চিকিৎসাকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। চিকিৎসকদের পরমার্শ অনুযায়ী নিম্নআয়ের এই মানুষদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। একই সঙ্গে দৃষ্টিশক্তি সমস্যা ও ছানিতে আক্রান্ত রোগীদের শনাক্ত করে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা অধ্যাপক শাহ মুহাম্মদ আমান উল্লাহসহ সংগঠনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন। আয়োজকরা জানান, আর্থিক সীমাবদ্ধতার কারণে যাতে কোনো মানুষ মৌলিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।