অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে আইন, বিধি ও নীতিমালার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি স্পষ্ট করেন যে, এখন থেকে অনুমোদিত নকশা ও আইনের ব্যত্যয় ঘটিয়ে ভবন কিংবা আবাসন গড়ে তোলার আর কোনো সুযোগ থাকবে না।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, অনেক ডেভেলপার কোম্পানি নকশায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েল অন্তর্ভুক্ত রাখলেও বাস্তবে তা নির্মাণ করেনি, যা আর বরদাশত করা হবে না।

আইন অমান্য না করার বিষয়ে রিহ্যাব ও ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রাজউকের ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদনের পুরো প্রক্রিয়াটি শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। এ ছাড়া রাজধানীর বাইরের ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে আনতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিধিমালা সংশোধন করা হবে।

একই সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর আবাসন খাতের গ্রাহক ভোগান্তি কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেন। নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তর না করা এবং চুক্তি বাতিল হলে টাকা ফেরতে দেরি করার মতো বিষয়গুলো মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সমাধানের জন্য ডেভেলপারদের প্রতি অনুরোধ জানান তিনি। সভায় দুই সংগঠনের পক্ষ থেকে আইন মেনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা নিয়ে আলোচনা করা হয়।