একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় প্রতিটি নাগরিকের বেশি করে গাছ লাগানো অত্যন্ত জরুরি।
রোববার (২৩ আগস্ট) সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সারাদেশে পাঁচ লাখ চারা রোপণের উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে ও সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন, কৃষক দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সোলিম খানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
আলোচনা সভা শেষে অতিথিরা বারি ও ব্রি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন এবং স্থানীয় শিশু শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন। বক্তারা উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে শুরু হওয়া পরিবেশবান্ধব উদ্যোগ ও খাদ্য উৎপাদনে স্বনির্ভরতার ধারাবাহিকতায় বাংলাদেশকে আগামীতে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।



