দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি এই শিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী হিসেবে গড়ে তুলে আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভাবনা কাজে লাগানোর কথা বলেছেন শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন ‘জলিল টেক্সটাইল মিলস লিমিটেড’-এর জমি বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তরে চুক্তি স্বাক্ষরের জন্য এ সভার আয়োজন করা হয়।
বিশ্বের সাম্প্রতিক সামরিক সংঘাত ও প্রযুক্তির অগ্রগতির কথা স্মরণ করিয়ে শিল্পমন্ত্রী বলেন, ড্রোনসহ নতুন সব উদ্ভাবন যুদ্ধের সার্বিক কৌশল বদলে দিচ্ছে। সাশ্রয়ী মূল্যে নিজস্ব গবেষণা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে বিওএফ-এর উৎপাদন সম্প্রসারণ দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে স্থান করে নিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বন্ধ থাকা শিল্প-কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে অব্যবহৃত জমি ও পরিকাঠামো সেনাবাহিনীর বিওএফ সম্প্রসারণ কাজে ব্যবহারের পদক্ষেপ নেওয়া হলো।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এতে বক্তব্য রাখেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিটিএমসির পক্ষে চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং সেনাবাহিনীর পক্ষে মিলিটারী এস্টেট অফিসার সাজিয়ে তাহের সমঝোতা দলিলে সই করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগ ও জেলার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



