দেশে সংঘটিত যেকোনো ধরনের ‘মব’ সহিংসতা ও গণপিটুনির মতো অপরাধের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো অপরাধের বিচার করার একচ্ছত্র কর্তৃত্ব কেবল রাষ্ট্রের হাতে ন্যস্ত। আইনি প্রক্রিয়া অতিক্রম করে কাউকে নিজ থেকে সাজা দেওয়া কিংবা শারীরিকভাবে লাঞ্ছিত করা সম্পূর্ণ বেআইনি এবং তা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে গণ্য হবে।
তিনি জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে মব জাস্টিস বন্ধ এবং আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে মাঠপর্যায়ে কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। সহিংসতায় জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে।
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও সায়েন্টিফিক তথ্যের সহায়তায় দুষ্কৃতকারীদের শনাক্ত করা হচ্ছে।
একই সঙ্গে উগ্রতা ঠেকাতে এলাকার ধর্মীয় নেতা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিট পুলিশিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া ফেসবুক, এক্সসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব থেকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সাইবার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কথা জানান মন্ত্রী।



