ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহণ খাতে কাঙ্ক্ষিত শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে রাজধানীকেন্দ্রিক একাধিক টার্মিনাল ও বাজার স্থানান্তরসহ প্রযুক্তিভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে দ্রুত টোল আদায়ে আগামী চার মাসের মধ্যে ইটিসি (ইলেক্ট্রনিক টোল কালেকশন) সিস্টেম ও অ্যাপস চালু করতে হবে। একই সঙ্গে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট কমাতে বুয়েটের প্রস্তুতকৃত আগের প্রতিবেদন পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে নতুন সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
রাজধানীর ভেতরের যানবাহনের চাপ কমাতে ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। স্থায়ী টার্মিনাল নির্মাণের আগে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল তৈরি করা হবে। পাশাপাশি কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে সরিয়ে নেওয়া এবং গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের নির্দেশনা দেওয়া হয়।
সচিবালয় এলাকার পার্কিং সমস্যা সমাধানে ওসমানী স্মৃতি মিলনায়তনে গাড়ি পার্কিংয়ের সম্ভাব্যতা যাচাই এবং বিকল্প স্থান খোঁজার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া অটোরিকশা চলাচলে পৃথক নীতিমালা প্রণয়ন এবং অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
গুরুত্বপূর্ণ এই সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



