মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। দেশের যুবসমাজকে মাদকমুক্ত ও সচেতন রাখার ওপরও বিশেষ জোর দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে লক্ষ্মীপুর সোসাইটির আয়োজনে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি, গৌরবময় অর্জন ও মেধাকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে আশপাশের দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে। এই মেধা শূন্য করার ষড়যন্ত্র রুখে দিতে তরুণ সমাজকে সবসময় সতর্ক ও সজাগ থাকতে হবে। সঠিক শিক্ষার চর্চায় জোর দিতে পারলে সমাজকে যেকোনো অবক্ষয় থেকে মুক্ত রাখা সম্ভব।

দেশের বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা ও শিক্ষা পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এক কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব নিয়ে সরকার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতের গুণগত পরিবর্তনে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সেই সঙ্গে যেকোনো মূল্যে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা ও শিক্ষাকার্যক্রম পরিচালনা করাকে সরকারের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।

লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউছুফ।