লন্ডনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে জিয়া সাইবার ফোর্সের সাক্ষাৎ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সাংগঠনিক অভিভাবক সুলতান সালাউদ্দিন টুকু এমপি’র যুক্তরাজ্য আগমন উপলক্ষে তাঁর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। লন্ডনে অবস্থানকালীন গতকাল রাত ১১টায় অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের নোটিশে এই সাক্ষাৎ সভাটি অনুষ্ঠিত হয়।

জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়ক গ্রুপ ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ওয়াহিদ উন নবীর নেতৃত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি এবং যুক্তরাজ্য চ্যাপটারের শীর্ষ ও দায়িত্বশীল নেতারা অংশ নেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক চেয়ারম্যান জুল আফরোজ মজুমদার, সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য মো. আব্দুস সালাম ফাহিম, সহ-মহাসচিব জিয়াউদ্দিন গাজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম রাকিবুল হাসান, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহি আলম চৌধুরী এবং মোহাম্মদ কামরান হাসান রাজীব।

অন্যদিকে, যুক্তরাজ্য জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে সংগঠনের আহ্বায়ক আয়ুব মোহাম্মদ, সদস্য সচিব ইসফার কবির ফাহিম, মহসিন চৌধুরী ও রাহাতসহ স্থানীয় একাধিক নেতৃবৃন্দ ও কর্মী সভায় উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত এই আলোচনা সভায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিগত দিনে সাইবার প্ল্যাটফর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থনে জিয়া সাইবার ফোর্সের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রচারণামূলক ভূমিকা এবং অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনে সাইবার স্পেসে সত্য প্রকাশ ও দলীয় বার্তা প্রচারে আরও সক্রিয় ও ভূমিকা রাখার জন্য দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন।