অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রে পড়ার সুযোগ পেলেন শরীয়তপুরের কৃতীসন্তান আকাশ ইসলাম

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

নিজের মেধা, অদম্য অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের ফলশ্রুতিতে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রে (BM BCh) পড়ার সুযোগ অর্জন করেছেন বাংলাদেশের ১৮ বছর বয়সী তরুণ আকাশ ইসলাম। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিঝারী এলাকার স্থায়ী অধিবাসী।

যুক্তরাজ্যের নামকরা ব্রাইটন কলেজ থেকে এ-লেভেল চূড়ান্ত পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেন আকাশ। এই কৃতিত্বপূর্ণ ফলাফলের ভিত্তিতে বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাড়াও ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং ইউনিভার্সিটি অব ব্রিস্টল থেকে চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষার প্রস্তাব পান তিনি। তবে বিশ্বের অন্যতম শীর্ষ ও মর্যাদাপূর্ণ একাধিক প্রতিষ্ঠান থেকে সুযোগ আসা সত্ত্বেও আকাশ শেষ পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কেই তাঁর ভবিষ্যৎ অধ্যায় হিসেবে বেছে নিয়েছেন। বিশ্বমানের এই চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে একজন উচ্চশিক্ষিত, মানবহিতৈষী ও দক্ষ চিকিৎসক হয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করাই আকাশের মূল লক্ষ্য। এই অর্জনে উচ্ছ্বসিত আকাশ ইসলাম তাঁর উচ্চশিক্ষার নতুন পথচলায় সবার কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন।

আকাশ ইসলামের এই অর্জনের খবর শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী গ্রামে পৌঁছালে পুরো এলাকা জুড়ে আনন্দের জোয়ার বয়ে যায়। পরিবার, নিকটাত্মীয় ও শুভাকাঙ্ক্ষীরা চরম উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই সাথে স্থানীয় বাসিন্দারাও তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর আগামী দিনের সাফল্যময় জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

উল্লেখ্য, আকাশ ইসলাম, Zia Cyber Force (ZCF) এর সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির সদস্য এবং নড়িয়ার বিঝারী এলাকার বাসিন্দা জনাব শহীদুল ইসলাম লিমন এর সুযোগ্য সন্তান। তাঁর দাদা ছিলেন নড়িয়ার সর্বজন শ্রদ্ধেয় ও স্বনামধন্য ব্যক্তিত্ব মরহুম সিরাজুল ইসলাম হাওলাদার।

পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, আকাশ তাঁর মেধা ও কঠোর পরিশ্রমে আগামী দিনে চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় আরও নতুন মাইলফলক অর্জন করবেন। পাশাপাশি শিক্ষাজীবন শেষ করে মানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি নিজের জ্ঞান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করবেন এমনটাই প্রত্যাশা স্বজন ও স্থানীয় এলাকাবাসীর।