প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শুধু আনুষ্ঠানিক প্রতিবেদন বা কাগুজে তথ্যের ওপর নির্ভর না করে সরাসরি বাস্তব ফলাফলের ভিত্তিতে মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রাজশাহী পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক এই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ও কার্যকর পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে দেশব্যাপী কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের আটটি বিভাগেই প্রাথমিক শিক্ষা পরিবারের কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক কর্মশালার আয়োজন করা হচ্ছে।
বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, বিদ্যালয়ে শিক্ষকের উপস্থিতি, শিক্ষার্থীদের প্রকৃত উপস্থিতি এবং শেখার অগ্রগতি বাস্তবে কতটা কার্যকর হচ্ছে তা এখন থেকে সরাসরি যাচাই করা হবে। মূলত শিক্ষার্থীর বাস্তব শিখনফলকেই প্রাথমিক শিক্ষার সাফল্যের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে।
রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।
এছাড়া কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক, রাজশাহী বিভাগের সকল জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষা কর্মচারীরা অংশ নেন।



