ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে দেশের সার্বিক অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কেউ যেন অপতথ্য বা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেন, এই দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়; পরিচয়ের জায়গায় সবাই সমান এবং সবাই বাংলাদেশি। অতীত শাসন ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়ে কংসের মতো নিষ্ঠুর শাসক অতীতে ক্ষমতায় বসেছিল; তবে হাজারো প্রাণের বিনিময়ে দেশের জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছে। সমাজবিরোধী অপশক্তি যেন ভবিষ্যতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সচেতন থাকার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে প্রতীকী হিসেবে ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মানীর অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে এই সম্মাননার আওতায় আনা হয়।
এর আগে সকালে সচিবালয় থেকে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থল ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান প্রধানমন্ত্রী। যাতায়াতের সময় তাঁর সাথে কেবল নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্য, ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। পথিমধ্যে প্রধানমন্ত্রীকে সাধারণ পথচারীরা হাত নেড়ে শুভেচ্ছা জানালে সরকারপ্রধানও হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।



