২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড-ডে মিল: ববি হাজ্জাজ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পাইলট প্রকল্পে সফলতা পাওয়ায় ২০২৭ সাল থেকে দেশের প্রায় ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে প্রতিদিন একবেলা পুষ্টিকর খাবার দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে দেশের ১৫০টির বেশি উপজেলায় ৩০ লাখের বেশি শিক্ষার্থী এই কর্মসূচির সুবিধার আওতায় রয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা নগরীর একটি হোটেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি বিষয়ে ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। খুলনার পাইকগাছা উপজেলার ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে উক্ত সভার আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্বীকার করেন যে, পাইলট প্রকল্পের সূচনালগ্নে খাবারের সরবরাহ ও গুণগত মান নিয়ে কিছু ত্রুটি-বিচ্যুতি দেখা দিয়েছিল। তবে মাঠপর্যায়ে কঠোর নজরদারির মাধ্যমে এসব সমস্যার সমাধান করে এখন নিয়মিত ও মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

রাজনৈতিক প্রভাব বা ভুল তথ্য দিয়ে অতীতে নিয়োগ পাওয়া শিক্ষকদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কারও বিরুদ্ধে কোনো আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আগে বিষয়টি প্রমাণভিত্তিকভাবে যাচাই করা আবশ্যক। সরকার অযথা কাউকে হয়রানি করায় বিশ্বাসী নয়। শিক্ষাকদের অতীত না খুঁজে তাদের বর্তমান কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই সরকার বেশি গুরুত্ব দেবে।

শিক্ষকদের বহুল আলোচিত পে-স্কেল প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে একটি নতুন ও যুগোপযোগী শিক্ষক নীতিমালা প্রণয়নের কাজ করছে। এই নীতিমালা কার্যকর করা হলে দেশের প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক হতাশ বা নিরাশ হবেন না।

এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মিড-ডে মিল কর্মসূচি বাস্তবায়ন, সঠিক সময়ে খাদ্য সরবরাহ, এর মান নিয়ন্ত্রণ এবং মাঠপর্যায়ের নানা জটিলতা ও সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।