কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন। হাসপাতাল পরিদর্শনকালে সেখানকার বাথরুমের জঘন্য অবস্থা, অব্যবস্থাপনা এবং ময়লা আবর্জনা দেখে দায়িত্বশীলদের ওপর ক্ষুব্ধ হন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রী তাঁর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঝটিকা পরিদর্শনের ভিডিও প্রকাশ করলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর আগে গত মঙ্গলবার বিকেলে হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনে যান কৃষিমন্ত্রী।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাথরুমগুলোর বেহাল দশা ও চারপাশের পরিবেশ দেখে উপস্থিত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর চরম অসন্তোষ প্রকাশ করছেন মন্ত্রী। বাথরুমের দুর্গন্ধ ও নোংরা টাইলসের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতি ফ্লোরে ছয়টি বাথরুমের মধ্যে পাঁচটিই অকেজো। এটি বড় কোনো সমস্যা নয়, শুধু নিয়মিত পরিষ্কার করা দরকার।
রোগীদের ভোগান্তির কথা তুলে ধরে পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী বলেন, চিকিৎসা পরে, আগে অন্তত বাথরুম ও আশপাশের পরিবেশ পরিষ্কার করতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর তাগিদ দিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি ক্ষোভ চেপে না রেখে বলেন, দ্রুত সুইপার ও হারপিক নিয়ে আসেন, আমি নিজেই ক্লিন করব। চিকিৎসকরা সুন্দর অফিসে বসে মিটিং করলেও সাধারণের ব্যবহারের জায়গাগুলো অনুপযোগী হয়ে আছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রীর এই কঠোর রূপ ও বক্তব্যে সেখানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র তোড়জোড় শুরু হয় এবং তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
এদিকে স্থানীয় বাসিন্দা ও সেবাপ্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালটির পরিচ্ছন্নতা ব্যবস্থা ও সেবা নিয়ে নানা অভিযোগ ছিল। মন্ত্রীর এই ঝটিকা পরিদর্শন ও কঠোর অবস্থানের পর সাধারণ মানুষ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। দ্রুত হাসপাতালের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা এবং অবহেলায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



