মাত্র ছয় মাসে সরকারের পক্ষে সব কাজ শেষ করার সুযোগ নেই এবং এটি বিরোধী দলের বোঝা উচিত বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, কোনো রাজনৈতিক ফটোসেশন নয়, বরং দেশের মানুষের প্রকৃত কল্যাণে কাজ করছে সরকার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা কৃষকদলের যৌথ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস পার হয়েছে। এই অল্প সময়ের মধ্যে দেশের ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ সম্পন্ন হয়ে যাওয়া সম্ভব নয়। সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচি দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলে তিনি বিষয়টি বিরোধী দলকে অনুধাবন করার তাগিদ দেন।
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা উল্লেখ করে এ্যানি বলেন, তাঁর তীক্ষ্ণ দৃষ্টি ও দূরদর্শী চিন্তা থেকে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের বিশাল কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে তা শুরুও হয়েছে। খাল পুনঃখননের সুফল ইতোমধ্যে দেশের মানুষ পেতে শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল।



