ধর্মীয় উসকানির মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। ধর্মের মূল আহ্বান মেনে চললে সমাজে ভেদাভেদ বা দ্বন্দ্বের কোনো সুযোগ থাকে না বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মানুষের উপাসনার ধরন বা নাম ভিন্ন হলেও সব ধর্মের মূল বাণী একই মানবতার পক্ষে কাজ করা, মানুষের কল্যাণ সাধন করা এবং প্রতিবেশীর খোঁজখবর রাখা। কোনো ধর্মেই খারাপ কিছুর নির্দেশ দেওয়া হয়নি। এই মৌলিক চেতনা মেনে চললে সমাজে শান্তি বজায় থাকবে এবং কোনো ধরনের দ্বন্দ্ব তৈরি হবে না।
গৌরীপুর এলাকার দীর্ঘদিনের সম্প্রীতির ঐতিহ্যের প্রশংসা করে ত্রাণ প্রতিমন্ত্রী জানান, এখানকার বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি যেকোনো মূল্যে বজায় রাখা হবে। তবে এই শান্তি বিঘ্নিত করতে কোনো প্রকার ধর্মীয় উসকানি দেওয়া হলে প্রশাসন কঠোর আইনি ব্যবস্থা নেবে।
গোবিন্দ জিউর মন্দির কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের গৌরীপুর শাখার যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমল সরকার এবং সঞ্চালনা করেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, গোবিন্দ জিউর মন্দির কমিটির সভাপতি শ্যামল বসাক ও সাধারণ সম্পাদক রাজিব সরকার এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গৌরীপুর শাখার সদস্যসচিব অমল চন্দ্র দাস বক্তব্য দেন।



