জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হতে যাচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির মূল দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এই বৈশ্বিক ফোরামের সভাপতির চেয়ারে বসবেন।

জানা যায়, ৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর আগামী ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন।

এর আগে চলতি বছরের ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর গোপন ব্যালটের মাধ্যমে তিনি এই পদে নির্বাচিত হন। উত্তেজনাপূর্ণ ওই নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

পূর্বে ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির মতো মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী।

দীর্ঘ চার দশক পর দ্বিতীয় কোনো বাংলাদেশি হিসেবে কূটনীতিক ড. খলিলুর রহমান বিশ্বের সবচেয়ে বড় এই বহুপক্ষীয় সংস্থায় সভাপতির আসনে বসে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন।