জনগণের প্রশ্নে বিএনপি আপসহীন, অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মাহদী আমিনের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় আপসহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছাত্রদলের নেতা-কর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আধুনিক রাষ্ট্রদর্শন ধারণ করে মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘জিয়া স্মৃতি বইমেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মাহদী আমিন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি জাতীয় সংকটকালে বিএনপিই জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বৈরশাসন পরবর্তী সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার—সবক্ষেত্রেই দলটির ঐতিহাসিক ভূমিকা রয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও মৌলিক অধিকারভিত্তিক বাংলাদেশ সুসংহত হচ্ছে।

তবে বাকস্বাধীনতার সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল অশালীন ভাষা ও উসকানিমূলক অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে মুখপাত্র সতর্ক করেন যে, অশালীনতা ও মিথ্যাচারকারীদের বিরুদ্ধে আইন সম্পূর্ণ নিজস্ব গতিতে কঠোর পদক্ষেপ নেবে। একই সঙ্গে আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি ও দেশীয় অর্থনীতির চালিকাশক্তি হিসেবে জিয়াউর রহমানের সময় থেকে শুরু হওয়া উন্নয়ন কৌশলের চিত্র তুলে ধরেন তিনি।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে মাহদী আমিন জানান, বিএনপির ইতিহাস মানেই আধুনিক সংস্কারের ইতিহাস। শহীদ জিয়ার ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৭ ও ৩১ দফার ধারাবাহিকতায় আজকের সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি তৈরি হয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে উপজেলা হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীতকরণ এবং ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’-এর মতো গণমুখী উদ্যোগ গ্রহণ তারই প্রমাণ।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ জিয়া স্মৃতি পাঠাগার ও অঙ্গ-সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।