বাল্যবিবাহ সমস্যার সমাধান নয়, বরং বড় সংকট তৈরি করে: ড. মাহদী আমিন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাল্যবিবাহ কোনো সমস্যার সমাধান নয়, বরং সামাজিক সংকট ও নারীর বিকাশে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। দারিদ্র্যকে কোনো শিশুর শৈশব কিংবা শিক্ষাজীবন কেড়ে নেওয়ার অজুহাত হিসেবে না দেখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে বাল্য ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধ এবং মেয়েশিশুদের অধিকার রক্ষায় সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া ‘চাইল্ড, নট ব্রাইড’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইনের শুভ সূচনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. মাহদী আমিন বলেন, পরিবর্তিত বাংলাদেশে মাঠ প্রশাসন থেকে শুরু করে সুশীল সমাজ ও গণমাধ্যমে নারীরা দক্ষতার প্রমাণ দিচ্ছেন। সরকার এমন একটি সাম্য ও নিরাপত্তার সমাজ গড়তে চায় যেখানে মেয়েদের সুশিক্ষা দিয়ে স্বাবলম্বী করা হবে এবং তাদের বোঝা না ভেবে সম্পদ হিসেবে গণ্য করা হবে। নারী শিক্ষার প্রসারে গৃহীত নানা উদ্যোগ তুলে ধরে তিনি জানান, বর্তমান সরকার মেয়েদের শিক্ষা স্নাতকোত্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বাল্যবিবাহের মূল কারণ হিসেবে অর্থনৈতিক টানাপোড়েন, প্রাকৃতিক দুর্যোগ ও বিদ্যালয় থেকে ঝরে পড়াকে চিহ্নিত করে উপদেষ্টা বলেন, বয়স বাড়িয়ে জাল কাগজপত্রের মাধ্যমে বালিকাদের বিয়ের পিঁড়িতে বসানো সম্পূর্ণ বেআইনি। এই সামাজিক ব্যাধি দূর করতে আইনি কঠোরতার পাশাপাশি মিডিয়া, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন, বিবিসি মিডিয়া অ্যাকশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সচেতনতামূলক গান, ভিডিও এবং পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট প্রদর্শন করা হয়।