নগর পরিকল্পনা ও সার্বিক উন্নয়ন কার্যক্রমে দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত দু’দিনব্যাপী ‘ন্যাশনাল আরবান ফোরাম ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নগরায়ণকে কেবল বড় ভবন, প্রশস্ত সড়ক, পানি সরবরাহ কিংবা স্যানিটেশন কাঠামোর বাহ্যিক উন্নয়ন হিসেবে দেখলে চলবে না। বরং নগরে বসবাসকারী সাধারণ মানুষের জীবনযাত্রার মান, পারিবারিক সুখ ও স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করাই হওয়া উচিত নগর উন্নয়নের মূল লক্ষ্য।
উন্নয়ন পরিকল্পনার সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের কথা বিশেষভাবে বিবেচনায় নেওয়ার তাগিদ দিয়ে ড. মঈন খান বলেন, বিত্তবান সমাজ নিজেদের সুবিধা নিজ উদ্যোগে অনেকটাই নিশ্চিত করতে পারলেও দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনমান বাড়াতে রাষ্ট্র ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ওপরই সবচেয়ে বেশি নির্ভর করতে হয়।
প্রান্তিক জনগণের সুযোগ-সুবিধা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সার্বিকভাবে শক্তিশালী করা অপরিহার্য বলেও মনে করেন মন্ত্রী। একই সঙ্গে টেকসই নগরায়ণের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা ও কার্যকর শাসনকাঠামোর নিবিড় সম্পর্কের বিষয়টি তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং যুক্তরাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এ ফোরামে গ্রাম ও নগর এলাকার আর্থসামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জনস্বাস্থ্য, সমন্বিত নগর পরিকল্পনা এবং পরিচ্ছন্ন নগরসেবা সংক্রান্ত নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বৈশ্বিক উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও বিশিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।



