প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ সব সংসদ সদস্য এবং সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানকে নিয়মিত জামায়াতের সঙ্গে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই আহ্বান জানান। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সংসদ অধিবেশন চলাকালে নামাজের জন্য ৩০ মিনিট করে সময় বরাদ্দ রাখা হয়। সংসদ সদস্যদের অধিকাংশ শারীরিকভাবে সুস্থ, তাই তাঁদের জামায়াতের সঙ্গেই নামাজ আদায় করা উচিত। তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীও জামায়াতের সঙ্গে নামাজ আদায় করতে চান, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি মসজিদে যেতে পারেন না।
পরকালের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত নেতা বলেন, মৃত্যুর পর সবাইকে প্রথম নামাজের হিসাব দিতে হবে। তাই প্রত্যেকে যেন নিজেরা নামাজ আদায় করি এবং দেশে যেন নামাজের বিধান কায়েম হয়। তিনি সন্তানদের ৫ বছর বয়স থেকেই নামাজের প্রশিক্ষণ দেওয়া এবং ১০ বছর হলে প্রশাসনিক তাগিদ নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে নামাজ ও যাকাতের ব্যবস্থা চালুর দাবি জানান।
অধ্যাপক মুজিবুর রহমানের এই বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি মূলত একটি সম্পূর্ণ ধর্মীয় বিষয়। নিজ নিজ ধর্ম পালন করার ক্ষেত্রে প্রত্যেকের স্বাধীনতা নিশ্চিত রয়েছে। ইসলামকে মানবতার ধর্ম উল্লেখ করে স্পিকার বলেন, সঠিক নিয়মে ধর্ম পালন করলে বেহেশতে যাওয়া যাবে, আর অবহেলা করলে জাহান্নামে যেতে হবে।
ধর্মীয় বিধান সম্পর্কে সংসদ সদস্যরা ইতিমধ্যেই অবগত আছেন উল্লেখ করে স্পিকার আশা প্রকাশ করেন যে, একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে তাঁরা আল্লাহ প্রদত্ত নির্দেশ যথাযথভাবে পালনের চেষ্টা চালিয়ে যাবেন।



