ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা ও পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্বের নির্দেশ ভূমিমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সরকারি জমি বরাদ্দ ও ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত, সরকারি স্বার্থ সংরক্ষণ এবং ভূমির সুষম ব্যবহার নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ভূমি অধিগ্রহণের ফলে জনগণের মধ্যে যাতে কোনো ধরনের অসন্তোষ সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও কৃষিজমির সুরক্ষার বিষয়ে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৭তম সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এতে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় পাঁচলাইশ, ষোলশহর ও চন্দনপুরাসহ বিভিন্ন মৌজায় ৩.৮ একরের বেশি জমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের আওতাধীন মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পে প্রায় ২১.৭ একর জমি এবং সুনামগঞ্জ-নেত্রকোণা বিদ্যুৎ সঞ্চালন লাইনের জন্য জমি অধিগ্রহণের অনুমোদন মিলিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু অবকাঠামোগত প্রস্তাব পাস হয়।

অন্যদিকে, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পের উন্নয়নে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইকোনমিক জোন লিমিটেডের ১.৮৬৫২ একর এবং ‘যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা’ (ইপিজেড) প্রকল্পের আওতায় ৬.৪৭৬০ একর জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। একই সভায় বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের জন্য টাঙ্গাইলের মির্জাপুরে ২০.০১৩৬ একর এবং ‘বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ’ প্রকল্পে ৫৭.৯৩৮০ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব গৃহীত হয়।

উন্নয়ন ও পরিবেশের ভারসাম্যের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী কর্মকর্তাদের নির্দেশ দেন, ভূমি অধিগ্রহণ করতে হবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, যাতে কৃষিজমি ও পরিবেশের ওপর অপ্রয়োজনীয় চাপ না পড়ে। সরকারি স্বার্থের পাশাপাশি জনগণের স্বার্থ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণের প্রতি আহ্বান জানান তিনি।