পুরো ঢাকা শহর সিসিটিভি নজরদারিতে আসছে, প্রকল্পে ডিপিপি পুনর্গঠন চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পুরো ঢাকা শহরকে সিসিটিভি নজরদারি ব্যবস্থার আওতায় আনতে নেওয়া প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন করলে পুরো ঢাকা মহানগরীতে এই নজরদারি ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের (ঢাকা-৫) লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। এর আগে বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ শীর্ষক প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন না পাওয়া নতুন প্রকল্পের তালিকায় রাখা হয়েছে। প্রকল্পটির প্রাথমিক ডিপিপি নিয়ে ২০২৬ সালের ২৪ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে যাচাই কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সুপারিশের ভিত্তিতেই বর্তমানে ডিপিপি পুনর্গঠনের কাজ চলছে।

অন্যদিকে, স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের লিখিত প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ কোস্ট গার্ডকে আধুনিকায়ন ও এর কার্যক্ষমতা বাড়াতে উন্নত প্রযুক্তির সহায়তায় স্থানীয় ডকইয়ার্ডে ৫টি নতুন ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি) নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি একটি কোস্ট গার্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিআরডিসি) ও কোস্টাল সার্ভেইল্যান্স সিস্টেম (সিএসএস) প্রতিষ্ঠার কাজও চলমান রয়েছে।

তাছাড়া নারী আসন-৪৯-এর সংরক্ষিত সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৬ সালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সারা দেশে অভিযান চালিয়ে ১ কোটি ৫৫ লাখ পিস ইয়াবা, ২৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৯.৫ কেজি হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে এবং ১,২১৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ভারত ও মিয়ানমার সীমান্তে মাদক চোরাচালান বন্ধে বর্তমানে থার্মাল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে অত্যাধুনিক নজরদারি চালানো হচ্ছে বলেও জানান তিনি।