চিকিৎসাসেবায় যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এই কঠোর হুঁশিয়ারি দেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং কিছু অব্যবস্থাপনা দেখতে পান।
এ সময় হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন মন্ত্রী। তখন রোগী ও স্বজনরা অভিযোগ করে জানান যে, প্রয়োজনের সময়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের ডাকলে পাওয়া যায় না এবং নার্সদের কাছ থেকেও কাঙ্ক্ষিত সহায়তা ও মনোযোগ মিলছে না।
রোগীদের বক্তব্য শুনে স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আশ্বস্ত করেন, কোনো অবস্থাতেই স্বাস্থ্যখাতে অবহেলা ও অনিয়ম বরদাশত করা হবে না।
এ ছাড়া স্বাস্থ্য বিষয়ক অন্যান্য খবরের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে ইতোমধ্যে ৪ কোটি টিকা সংগ্রহ করা হয়েছে এবং আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
তাছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হতে যাচ্ছে বলে নিশ্চিত করেন তিনি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করবেন।



