দেশে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গুণগত মান নিশ্চিত করার জন্য সরকারি মৎস্য খামারগুলোর উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের আটপুকুরপাড় এলাকায় অবস্থিত সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ তাগিদ দেন। পরিদর্শনকালে তিনি খামারে সদ্য স্থাপিত ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে সরকারি খামারগুলোর উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। উন্নত ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং বিদ্যমান অবকাঠামোর সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে গুণগত মৎস্যবীজ উৎপাদন বাড়ানো সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিশেষভাবে স্মরণ করিয়ে দেন প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সরকারি খামারগুলোতে সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার বাড়ানো হলে উৎপাদন কার্যক্রম আরও সাশ্রয়ী ও টেকসই রূপ নেবে।
পরিদর্শনকালে ব্রুড মাছের পুকুরে মাছের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং খামার প্রাঙ্গণে একটি ভেষজ ও ফলদ গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। এ সময় খামারের বর্তমান উন্নয়নমূলক কাজ ও নবসংযোজিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান, সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, টাঙ্গাইলের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



