দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে মিলেমিশে প্রতিটি এলাকায় কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে এক ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, রূপগঞ্জ উপজেলার ২০ লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। সকলের সম্মিলিত সহযোগিতা ছাড়া স্বাস্থ্যসেবার প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বক্তব্যে তিনি স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার সুবিধার্থে হাসপাতালটিকে ২৫১ শয্যায় উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে অনুষ্ঠানের অংশ হিসেবে ১৩টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা স্থানীয় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাপত্র বিতরণ করেন এবং স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সংরক্ষিত মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন ও মাহাবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



