ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কায় ১০ টন জরুরি ত্রাণ পাঠাল বাংলাদেশ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় সম্প্রতি ঘূর্ণিঝড় ডিটওয়া’র প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে আক্রান্ত জনগণের জন্য ১০ টন জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার নির্দেশে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক মিশন পরিচালিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ জন ক্রু-এর একটি দল, সশস্ত্র বাহিনী বিভাগের একজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি একটি সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করেন। বিমান বাহিনীর এয়ার কমডোর মোহাম্মদ সহিদুল ইসলাম মিশন কমান্ডারের দায়িত্ব পালন করেন।

প্রেরণ করা সর্বমোট প্রায় ১০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট, গাম বুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেসকিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ঔষধ।

উল্লেখ্য, শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই বন্যায় এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত এবং কমপক্ষে ২ শতাধিক জন নিখোঁজ রয়েছে। বন্ধুর বিপদে পাশে দাঁড়ানো এই সহায়তা ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কান জনগণের দুর্ভোগ কমাতে সহায়ক হবে বলে বাংলাদেশ সরকার আশা প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *