সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া তাঁর বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজের বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত ১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন। এতে সন্দেহ হয়, তাঁর নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।”
নির্বাচন প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতার অভাবের সমালোচনা করে বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা এবং ভোটবাক্স সুরক্ষার যে সামগ্রিক সক্ষমতা দরকার—সবকিছুতেই তারা ব্যর্থ। ফলে আগাম নির্বাচন নিয়েও গুরুতর সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



