বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় আরও ৪ চীনা বিশেষজ্ঞ ঢাকায়

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সহায়তায় চার সদস্যের চীনের আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার (গতকাল) রাত ১০টা ১০ মিনিটে চিকিৎসকরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের স্বাগত জানান। নতুন আসা চীনা চিকিৎসকরা হলেন— চি জিয়ানফান, ইয়ান ঝি, ঝং ইউহি ও ম্যাং হং ও।

এর আগে বুধবার সকালে লন্ডন থেকে ঢাকায় আসেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল, যিনি ইতোমধ্যে এভারকেয়ার হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন। উল্লেখ্য, চার দিন আগে চীনের ৫ সদস্যের আরও একটি টিম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে এভারকেয়ারে আসেন।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়: বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, ম্যাডামের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরাও ভার্চুয়ালি যুক্ত থাকছেন। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করছেন।

শারীরিক অবস্থার সর্বশেষ: গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। প্রায় ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসহ নানা জটিলতায় ভুগছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো বেশ উদ্বেগজনক পর্যায়েই রয়ে গেছে। বিশেষ করে তাঁর হৃদ্‌যন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না। চিকিৎসায় একটি সমস্যার সামান্য উন্নতি হলে অন্যটির অবনতি ঘটছে, যা কয়েক দিন ধরে নানা মাত্রায় ওঠানামা করছে। তবে চিকিৎসকেরা এখনো আশাবাদী যে তিনি চিকিৎসা ও ওষুধ গ্রহণ করতে পারছেন।

চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্যের অবস্থাকে ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করছেন এবং পর্যবেক্ষণ করছেন যে কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তাঁর সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন।

এদিকে, তাঁর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ালেও, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার পরিবার এবং দলের পক্ষ থেকে যেকোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *