বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার রাত ১১টার পর তিনি হাসপাতালে পৌঁছান।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ১১ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানান, তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তাঁর শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক থাকায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ঐদিন সকালে এবং চীন থেকে চার সদস্যের একটি চিকিৎসক দল রাতে ঢাকায় এসেছেন।
চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী কয়েকটি দিন খালেদা জিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তাঁর সামগ্রিক শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি আশা করা কঠিন। এদিকে, হাসপাতালের সামনে নেতা-কর্মীদের ভিড় করায় যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।



