খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রস্তুতি: ঢাকা আসছেন ডা. জোবাইদা রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং মেডিকেল বোর্ডের সদস্য ডা. জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওনা হবেন বলে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে। বাংলাদেশে পৌঁছানোর পর তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁকে নিয়ে লন্ডন যাত্রা করবেন।

এদিকে, বৃহস্পতিবার (আজ) কাতার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে।

নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। বর্তমানে কিডনি, হৃদরোগ এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি এবং চিকিৎসকরা তাঁর এ অবস্থাকে ‘স্থিতিশীল’ মনে করছেন।

অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডে বুধবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল এবং চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল যুক্ত হয়েছে।

অন্যদিকে, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *