বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারা দেশে বিশেষ দোয়া

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর) সারা দেশে বিশেষ দোয়ার আয়োজন করেছে বিএনপি। দলের পক্ষ থেকে রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতে জুমার নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও অনুরোধ জানানো হয়।

নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা অংশগ্রহণ করেন। এ সময় বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করেন।

লন্ডনে যাত্রা পেছাল, নতুন তারিখ রোববার

দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার লন্ডন যাত্রার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানান।

তিনি বলেন, “কারিগরি ত্রুটির কারণে কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।”

তিনি আরও নিশ্চিত করেন, “আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে, ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং চিকিৎসকরা যদি সিদ্ধান্ত দেন, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে।”

এ সময় বিএনপি মহাসচিব বেগম জিয়ার রাজনৈতিক জীবন প্রসঙ্গে বলেন, “বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা এবং চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হন।” উল্লেখ্য, বর্তমানে সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *